বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজের জন্মভূমি ও জেলা বগুড়ায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিতে সোমবার (২০ এপ্রিল) সকালে সড়কপথে ঢাকার বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ সফর শেষে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
সফরসূচি অনুযায়ী, দিনের কর্মসূচি শুরু হবে বেলা ১১টায়। এ সময় বগুড়া জজ আদালতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে তার। একইসঙ্গে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন এবং নতুন এই সিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণাও দেবেন তিনি।
দিনের দ্বিতীয়ার্ধে গাবতলী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।
বিজ্ঞাপন
পরে তিনি নিজ পৈতৃক বাড়ি যাবেন এবং বিকেলে পুনরায় শহরে ফিরবেন। বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
তার এই সফরকে ঘিরে বগুড়া শহর ও আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশমুখে নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ভিড় করেন, তাকে এক নজর দেখার জন্য।
বিজ্ঞাপন








