Logo

৬৪ জেলায় গড়ে উঠবে স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ২০:০৬
৬৪ জেলায় গড়ে উঠবে স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের ক্রীড়া অবকাঠামোকে আধুনিক ও বিকেন্দ্রীকরণের লক্ষ্যে বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। দেশের প্রতিটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে কক্সবাজার ও পূর্বাচলে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রশ্নোত্তর পর্ব উত্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া চর্চার সুযোগ বাড়বে এবং নতুন প্রতিভা বিকাশের পথ আরও সুগম হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, এই ক্রীড়া গ্রামগুলোতে বিভিন্ন খেলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিশেষ করে ক্রিকেটের বিকাশ ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকবে। ফলে জেলা পর্যায় থেকেই দক্ষ খেলোয়াড় গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

ক্রীড়া পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে কক্সবাজারে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে। ‘আন্তর্জাতিক মানের স্পোর্টস ট্যুরিজম কমপ্লেক্স নির্মাণ’ শীর্ষক এ প্রকল্পের আওতায় বিশ্বের মানদণ্ড অনুযায়ী একটি আধুনিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর ফলে কক্সবাজার আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া রাজধানীর পূর্বাচলেও একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এই স্টেডিয়াম নির্মিত হলে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা আরও বাড়বে এবং দেশের ক্রীড়া অবকাঠামো নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিশেষজ্ঞদের মতে, জেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে উঠলে প্রতিভা অন্বেষণ, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি ক্রীড়া পর্যটন, স্থানীয় অর্থনীতি এবং কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD