তথ্যমন্ত্রীর সঙ্গে দুই সংগঠনের প্রতিনিধি দলের বৈঠক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংবাদপত্র খাতের দুই গুরুত্বপূর্ণ শ্রমিক ও কর্মচারী সংগঠনের নেতারা। বৈঠকে সংবাদপত্র শিল্পের উন্নয়ন, শ্রমিক-কর্মচারীদের অধিকার সুরক্ষা এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
সোমবার (২৭ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেয় বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল।
বৈঠকে সংগঠন দুটির নেতারা সংবাদপত্র শিল্পের বর্তমান অবস্থা, কর্মচারী ও প্রেস শ্রমিকদের নানা সমস্যা এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা মন্ত্রীর কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধিদলের দাবির মধ্যে ছিল নবম ওয়েজ বোর্ডের পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়ন, দ্রুত দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য পৃথক কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন, বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধ এবং শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।
নেতারা বলেন, সংবাদপত্র শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিল্পটির টেকসই উন্নয়ন এবং কর্মপরিবেশের মানোন্নয়নের জন্যও কার্যকর নীতিমালা প্রণয়ন প্রয়োজন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি জানান, সংবাদপত্র শিল্প দেশের গণতান্ত্রিক কাঠামো ও তথ্যপ্রবাহের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ খাতের শ্রমিক ও কর্মচারীদের স্বার্থ রক্ষায় সরকার আন্তরিক।
বিজ্ঞাপন
মন্ত্রী সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আলোচনার মাধ্যমেই বিদ্যমান সমস্যার কার্যকর ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান এবং মহাসচিব মো. মোশতাক আহমদসহ উভয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।








