Logo

সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ২২:০৫
সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে পুরো সিলেট নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি, যেখানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেনের স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার (২ মে) তিনি সিলেটে পৌঁছাবেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে তার।

সেখানে পৌঁছে সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করবেন। একই দিনে দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন তিনি।

বিজ্ঞাপন

বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার মাধ্যমে সফর শেষ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। বিমানবন্দর থেকে সার্কিট হাউস পর্যন্ত সড়কগুলো সংস্কার ও পরিষ্কার করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং অন্যান্য সাজসজ্জার কাজও জোরদার করা হয়েছে।

সফরের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিটি করপোরেশন যৌথভাবে কাজ করছে। ইতোমধ্যে পুলিশি টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও দেখা যাচ্ছে ব্যাপক তৎপরতা। দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ সফরে সিলেটের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সফরের প্রস্তুতি দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশেষ করে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কারে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সফর নির্বিঘ্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD