Logo

ঢাকায় শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল, ২০২৬, ২২:১২
ঢাকায় শুরু হলো ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
ছবি: সংগৃহীত

‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’—এই প্রত্যয় সামনে রেখে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার থেকে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা। ঢাকার নটর ডেম কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া তিন দিনব্যাপী শিক্ষার্থীদের এই বিজ্ঞান উৎসব চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত।

বিজ্ঞাপন

আজ উৎসবমুখর পরিবেশে এই আয়োজনের উদ্বোধন করেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও এবং ঢাকা জেলার জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ।

আয়োজকেরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। এরই মধ্যে ঢাকা জেলার ৫টি উপজেলায় ৩টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে শেষ হয়েছে। উপজেলা পর্বে বিজয়ী ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঢাকা মহানগরীর ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৭০টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা জেলা পর্যায়ের এই বিজ্ঞান মেলায় অংশ নিচ্ছে।

বিজ্ঞাপন

মেলার পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। এতে উপজেলা পর্বের বিজয়ী ও ঢাকা মহানগরীর মিলিয়ে মোট ৩০০ জন শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াডে এবং ২০০ জন শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় মেধা যাচাইয়ের সুযোগ পাচ্ছে। তিন দিনের এই উৎসবের বিজয়ীরা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে ঢাকা জেলার প্রতিনিধিত্ব করবে।

দেশজুড়ে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক আগ্রহ, জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ তৈরির শক্ত ভিত্তি গড়ে তুলবে এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে।

বিজ্ঞাপন

আজ মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, নিজেদের উদ্ভাবিত নানা প্রকল্প দর্শনার্থী ও বিচারকদের সামনে তুলে ধরছেন ক্ষুদে বিজ্ঞানীরা। প্রথম দিনেই মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক অনন্য মাত্রা দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD