মুক্তিযুদ্ধের সঙ্গে গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে স্বল্পমেয়াদি কোনো গণআন্দোলনের তুলনা করা হলে তা মুক্তিযুদ্ধের গুরুত্বকে খাটো করে। এ ধরনের তুলনায় ব্যক্তিগতভাবে তিনি গভীরভাবে কষ্ট পান বলেও মন্তব্য করেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বক্তব্যে ফজলুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের ব্যাপ্তি ও গুরুত্ব বিশাল—যার সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা করা যায় না। তিনি উদাহরণ টেনে বলেন, প্রশান্ত মহাসাগরের সঙ্গে একটি ছোট জলাশয়ের কিংবা হিমালয়ের সঙ্গে একটি টিলার তুলনা যেমন অসঙ্গত, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে সাম্প্রতিক কোনো ঘটনার তুলনাও অযৌক্তিক।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, একসময় মুক্তিযুদ্ধের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তখন তিনি প্রতিবাদ করেছিলেন এবং এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করেন—বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং এতে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন।
নিজের জীবনের একটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, একসময় তার বাসার সামনে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এগিয়ে এসে তাকে নিরাপত্তা দিয়েছেন, এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নানা চক্রান্তের মধ্য দিয়েই নির্বাচন সম্পন্ন হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করে তিনি দাবি করেন, তাদের কিছু কর্মকাণ্ড ছিল অপ্রত্যাশিত।
বিজ্ঞাপন
আগস্টের ঘটনাকে নিয়ে তিনি বলেন, সেটিকে তিনি ছোট করে দেখেন না; তবে এটিকে বিপ্লব নয়, গণঅভ্যুত্থান হিসেবে দেখেন। এই ঘটনাকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা উচিত নয় বলেও জোর দিয়ে মন্তব্য করেন তিনি।








