থানায় মামলা করতে গিয়ে হয়রানি রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার

দেশের সাধারণ মানুষ যেন থানায় গিয়ে মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রীর কাছে এ সংক্রান্ত বিষয় উত্থাপিত হলে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করতে এবং থানামুখী সেবাকে হয়রানিমুক্ত করতে সরকার বেশ কিছু কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
তিনি জানান, সরকারের অন্যতম লক্ষ্য হলো থানায় অভিযোগ দায়েরের ক্ষেত্রে অনলাইন পদ্ধতি চালু করে ফৌজদারি বিচারপ্রত্যাশীদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ বাড়ানো। এর ফলে নাগরিকরা ঘরে বসেই প্রাথমিকভাবে অভিযোগ জানাতে পারবেন।
এছাড়া দেশের সব থানার ডিউটি অফিসারের কক্ষ ও থানা প্রাঙ্গণ পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে থানার কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
বর্তমানে দেশের সব থানায় অনলাইনের মাধ্যমে সাধারণ ডায়েরি গ্রহণের ব্যবস্থা চালু রয়েছে বলেও জানান মন্ত্রী। এতে মানুষ থানায় সরাসরি উপস্থিত না হয়েও সহজে ও ঝামেলামুক্তভাবে জিডি করতে পারছেন।
বিজ্ঞাপন
আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অনলাইন জিডি সফটওয়্যারে যদি কোনো শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ পাওয়া যায়, তাহলে অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে এসএমএসের মাধ্যমে অবহিত করা হয়। এরপর প্রয়োজনীয় তথ্যসহ সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে নিয়মিত মামলা দায়েরের সুযোগ রাখা হয়েছে।
এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবাকে আরও জনবান্ধব ও আধুনিক করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।








