Logo

সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু নিয়ে নতুন নীতিমালা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল, ২০২৬, ২০:১৪
সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু নিয়ে নতুন নীতিমালা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশব্যবস্থায় নতুন নীতিমালা জারি করেছে সরকার। নিরাপত্তা ও শৃঙ্খলা আরও সুসংহত করতে এবার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পদমর্যাদা অনুযায়ী দর্শনার্থী পাস ইস্যুর সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, একজন পূর্ণ মন্ত্রী সর্বোচ্চ ২০টি দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন। প্রতিমন্ত্রী ইস্যু করতে পারবেন সর্বোচ্চ ১৫টি পাস।

বিজ্ঞাপন

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব এবং সচিব পদমর্যাদার কর্মকর্তাদের জন্য ১০টি করে দর্শনার্থী পাস বরাদ্দ রাখা হয়েছে।

অতিরিক্ত সচিবরা সর্বোচ্চ ৪ জন দর্শনার্থীর জন্য পাস ইস্যু করতে পারবেন। অন্যদিকে, যুগ্মসচিব পর্যায়ের কর্মকর্তারা সর্বোচ্চ ৩টি দর্শনার্থী পাস প্রদান করার অনুমতি পাবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র বলছে, সচিবালয়ে আগত দর্শনার্থীদের প্রবেশব্যবস্থাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ এবং নিয়ন্ত্রিত করার লক্ষ্যেই এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে অপ্রয়োজনীয় ভিড় কমবে এবং নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

নতুন এ নির্দেশনা ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে এখন থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা বা মন্ত্রীর অনুমোদিত নির্ধারিত সংখ্যক পাসই বিবেচনায় নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD