বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস বিশেষ সহায়তা দেবে সরকার

প্রবল বর্ষণ ও হঠাৎ বন্যায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তিন মাসের বিশেষ সরকারি সহায়তা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সহায়তা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকেরা সংকট কাটিয়ে উঠতে পারেন।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান।
সরকারপ্রধান বলেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই তিন দিন আগে সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়। অতিবৃষ্টির ফলে যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে, তাদের সঠিকভাবে চিহ্নিত করে আগামী তিন মাস সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করে পরিস্থিতি মোকাবিলার করণীয় নির্ধারণ করা হয়েছে। কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি বজায় রাখছে।
বিশেষ করে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের প্রশাসনের মাধ্যমে দ্রুত তালিকা প্রস্তুত করে টানা তিন মাস নিরবচ্ছিন্নভাবে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।








