বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪৯ নারী এমপি, গেজেট বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে প্রার্থীদের চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় তারা কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার এই ৪৯ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করা হবে।
রিটার্নিং কর্মকর্তা জানান, বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তাদের নির্বাচিত হওয়ার পথ সুগম হয়েছে।
বিজ্ঞাপন
চূড়ান্ত তালিকা অনুযায়ী, ৪৯ জন প্রার্থীর মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোটের রয়েছেন ৩৬ জন। এছাড়া জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের মনোনীত ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থীও বৈধ হিসেবে গেজেটে অন্তর্ভুক্ত হচ্ছেন।
তবে একটি আসন নিয়ে আইনি জটিলতা থাকায় সেটির ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট আসনে প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামের এক প্রার্থীর মনোনয়নপত্র পুনরায় গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, আদালতের নির্দেশনা অনুসারে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে তার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপর ওই আসনটির বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আপাতত ৫০টির মধ্যে ৪৯টি আসনের ফল গেজেট আকারে প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী প্রক্রিয়ার বড় অংশ সম্পন্ন করা হচ্ছে। অবশিষ্ট আসনের বিষয়ে আদালতের নির্দেশনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








