Logo

মুক্তিযুদ্ধের শহীদের নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরি হচ্ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৬:২৮
মুক্তিযুদ্ধের শহীদের নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা তৈরি হচ্ছে
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান জানিয়েছেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধে শহীদ এবং গণহত্যার শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়া দুঃখজনক। এ অবস্থায় শহীদদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার জাতীয় সংসদে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমীন দুলালের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, সরকার এমন একটি তালিকা তৈরির কাজ শুরু করেছে, যা দেশের সকল শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি ও যথাযথ মর্যাদা নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

বর্তমানে মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন বলে জানান তিনি। এর মধ্যে বেসামরিক শহীদ ৩ হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনীর শহীদ ১ হাজার ৫৪১ জন, বিজিবির শহীদ ৮১৭ জন, পুলিশের শহীদ ৪২৩ জন এবং আনসার বাহিনীর ১ জন রয়েছেন।

একই অধিবেশনে বিএনপি দলীয় সংসদ সদস্য (কুমিল্লা-৯) আবুল কালামের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১০ সাল থেকে মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশ অনুযায়ী এখন পর্যন্ত ৬ হাজার ৪৭৬ জনের গেজেটভুক্ত নাম বাতিল করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত বাতিল হয়েছে ৪৮১ জনের নাম।

বিজ্ঞাপন

অন্যদিকে কৃষি খাতে সার বিতরণ নিয়ে সংসদে প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কৃষকদের কাছে সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে দেশে মোট ১১ হাজার ৫ জন সার ডিলারের নিয়োগ বাতিল করা হয়েছে।

গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বিসিআইসি নিয়োগ দিয়েছে ৫ হাজার ৬৬৯ জন ডিলার এবং বিএডিসির অধীনে রয়েছেন ৫ হাজার ৩৩৬ জন ডিলার। এর মধ্যে অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগে ২ হাজার ৩১১ জন ডিলারের তালিকা তৈরি করা হয়েছে। এসব অভিযোগ যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, অনিয়মের মাত্রা অনুযায়ী পর্যায়ক্রমে ডিলারশিপ বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং নতুন ডিলার নিয়োগ করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইটভাটায় ফসলি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়ার কারণে ইতোমধ্যে প্রায় ১৫ হাজার ৪৫০ একর জমি আবাদ অনুপযোগী হয়ে পড়েছে।

এ ছাড়া জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুর প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, ২০৪০ সালের মধ্যে ৫৫ দশমিক ৭ মিলিয়ন পর্যটক আকর্ষণ এবং প্রায় ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করে একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD