সৌদি আরবে পৌঁছেছেন ৪০৫৯০ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের পবিত্র হজ পালনকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রী পরিবহন কার্যক্রম পুরোদমে চলছে। এখন পর্যন্ত ১০১টি হজ ফ্লাইটে মোট ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বিজ্ঞাপন
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন শুক্রবার (১ মে) সকাল ১০টা পর্যন্ত হালনাগাদ তথ্য নিশ্চিত করে জানান, নির্ধারিত ফ্লাইটগুলো সৌদি আরবের জেদ্দা শহরে অবতরণ করেছে এবং হজযাত্রী পরিবহন কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে চলছে।
হজ বুলেটিনে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, এ পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পবিত্র নগরী মক্কাতে ৫ জন এবং মদিনায় ২ জন মৃত্যুবরণ করেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃত্যুর কারণ ছিল স্বাভাবিক।
বিজ্ঞাপন
স্বাস্থ্যসেবা কার্যক্রমেও বিশেষ নজর দেওয়া হয়েছে। সৌদি আরবে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেয়েছেন বলে জানানো হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমোদন পেয়েছেন। পুরো কার্যক্রম পরিচালনায় ৬৬০টি এজেন্সি কাজ করছে। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি হিসেবে দায়িত্ব পালন করছে।
বিমান পরিবহন ব্যবস্থার পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স এর ৩৭টি ফ্লাইটে গেছেন ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস পরিচালিত ১৮টি ফ্লাইটে গেছেন আরও ৭ হাজার ১৪২ জন।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাকি ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রীও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন।
এ বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয় গত ১৭ এপ্রিল রাতে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এর উদ্দেশে যাত্রা করে। উদ্বোধনী ফ্লাইটটির কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হিসাব অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।
এদিকে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস ইতোমধ্যে ৭৮ হাজার ৩৪৬টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৩টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯০৩টি ভিসা প্রদান করা হয়েছে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে দেশে ফেরার ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। আর শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বলে জানিয়েছে হজ কর্তৃপক্ষ।








