Logo

ফায়ার সার্ভিসে সেবার মান উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ১৭:৪৫
ফায়ার সার্ভিসে সেবার মান উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান
ছবি প্রতিনিধি।

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রকৃত সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

বিজ্ঞাপন

সোমবার (৪ মে ) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে পালন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। অনুষ্ঠানের ১ম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। ২য় পর্বে সারা দেশ থেকে বাছাই করা ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা এবং কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্য থেকে জিপিএ ৫ প্রাপ্ত ৭৩ জনকে শিক্ষা সম্মাননা প্রদান করা হয়।

দরবার শুরুর আগে মহাপরিচালককে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের লিডার ক্বারী মো. কুদরত উল্লাহ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন। এরপর মহাপরিচালক দরবার কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

দরবারে বক্তব্যের শুরুতেই তিনি বিশ্বব্যাপী কর্মরত সকল ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তার দায়িত্বকালীন সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন। তিনি ১ মে থেকে দেশব্যাপী চালু হওয়া ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে অতীতের মতো আসন্ন নিয়োগ প্রক্রিয়াও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও সফল অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও একইভাবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।

এ সময় তিনি সরকারের ঘোষিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। দরবারে উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহাপরিচালক।

বিজ্ঞাপন

পরে সকাল ১১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে সাম্প্রতিক সময়ে উদ্ধার ও অপারেশন কার্যক্রমে সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে সারা দেশ থেকে নির্বাচিত ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদ ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জনের মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে শিক্ষা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ দেওয়া হয়। অন্যান্যদের নিজ নিজ বিভাগ থেকে বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সম্মাননা পাওয়া তিনজন তাদের অনুভূতি প্রকাশ করেন। পরে সম্মাননাপ্রাপ্তদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন মহাপরিচালক। অনুষ্ঠানের শেষাংশে পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বক্তব্য দেন এবং সরাসরি ও অনলাইনে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকবৃন্দ, বিভিন্ন প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক ও জেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন। দুপুর ১২টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD