Logo

ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মে, ২০২৬, ২১:২৬
ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে আগেভাগেই টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৩ মে থেকে শুরু হবে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। একইসঙ্গে ঈদের পর কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি করা হবে ২৩ মে তারিখের যাত্রার টিকিট। পরদিন ১৪ মে পাওয়া যাবে ২৪ মে যাত্রার টিকিট। ১৫ মে বিক্রি হবে ২৫ মে’র টিকিট এবং ১৬ মে দেওয়া হবে ২৬ মে’র যাত্রার টিকিট। এছাড়া ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র ট্রেনযাত্রার অগ্রিম টিকিট।

বিজ্ঞাপন

অন্যদিকে ঈদ শেষে রাজধানীসহ বিভিন্ন কর্মস্থলে ফেরার জন্য ফিরতি টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে ২১ মে। ওইদিন যাত্রীরা সংগ্রহ করতে পারবেন ৩১ মে’র যাত্রার টিকিট। ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট, ২৩ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৪ মে বিক্রি হবে ৩ জুনের টিকিট এবং ২৫ মে সংগ্রহ করা যাবে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট।

রেলওয়ের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঈদ উপলক্ষে অগ্রিম যাত্রা এবং ফিরতি যাত্রা—উভয় ক্ষেত্রেই একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট ক্রয়ের সুযোগ পাবেন। প্রতিবার একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

এছাড়া বিশেষভাবে জানানো হয়েছে, ঈদের অগ্রিম টিকিট কিংবা ফিরতি যাত্রার টিকিট একবার কেনার পর তা ফেরত দেওয়া বা রিফান্ড করার সুযোগ থাকবে না। ফলে যাত্রীদের টিকিট কেনার আগে ভ্রমণের তারিখ ও পরিকল্পনা নিশ্চিত হয়ে নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির ব্যবস্থা রাখা হবে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনে বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আগেভাগেই টিকিট সংগ্রহ এবং ভ্রমণ পরিকল্পনা ঠিক করে নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে অনলাইন টিকিট সংগ্রহে যাত্রীদের বাড়তি প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যাতে নির্ধারিত দিনে সহজেই কাঙ্ক্ষিত টিকিট পাওয়া যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD