Logo

দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে ঈদুল আজহা, শুরু কোরবানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ মে, ২০২৬, ১১:১৫
দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে ঈদুল আজহা, শুরু কোরবানি
ছবি: সংগৃহীত

ত্যাগ, আত্মশুদ্ধি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে। ঈদের নামাজ আদায়ের পর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু হয় পশু কোরবানির কার্যক্রম।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কোরবানির পশু জবাই, মাংস প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। একই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলেও।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক বাণীতে তিনি কোরবানির আনন্দ দরিদ্র, বঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, মহান আল্লাহ তা’য়ালার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আবারও আমাদের সামনে সমাগত। মহান আল্লাহর নির্দেশ পালনে হযরত ইবরাহিম (আ.) তার প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে প্রস্তুত হয়ে যে আত্মসমর্পণ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির প্রকৃত মাহাত্ম্য ও তাৎপর্য।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা। তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং বলেন, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে তার কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে এবং সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে।

এ ছাড়া যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে, তাদের প্রতি গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি। নগর পরিচ্ছন্নতায় সংশ্লিষ্ট কর্মীদের সহযোগিতা করার পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD