মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার

মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ বর্তমানে পরাশক্তির চাপ ও নির্যাতনের মুখে রয়েছে এবং মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ মে) সকালে নিজ নির্বাচনি এলাকা লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সমাজে ধনী-গরিব সবাই মিলেমিশে একসঙ্গে জীবনযাপন করতে পারলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠতে পারে, এমন প্রত্যাশা তিনি ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
স্পিকার আরও বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশের জন্য অনেক স্বপ্ন নিয়ে যুদ্ধ করেছিলেন, কিন্তু সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি দাবি করেন, বর্তমানে মানুষ তুলনামূলকভাবে স্বস্তিতে আছে এবং রাজনৈতিক বিশ্বাসের কারণে নিপীড়নের শিকার হতে হচ্ছে না—যা তার ভাষায় গণতন্ত্রের একটি ইতিবাচক দিক।
বিজ্ঞাপন
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি দেশবাসীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।








