Logo

পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্যে যাচ্ছেন শামা ওবায়েদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর, ২০২৬, ১৩:৫১
পাঁচ দিনের সফরে স্পেন ও যুক্তরাজ্যে যাচ্ছেন শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তাঁর এ সরকারি সফর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বল‌ছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক অংশীদারিত্ব গভীরতর করা এবং সাংস্কৃতিক কূটনীতিকে কাজে লাগানোর লক্ষ্যে এ সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুদেশ সফরকালে তিনি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। যেখানে বাণিজ্য, বিনিয়োগ, ব্যবসা, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফরের শুরুতে ২৬ অক্টোবর স্পেনের সেভিল শহরে প্রতিমন্ত্রী ‘তৃতীয় স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন। ‘দৃঢ়তর অংশীদারিত্ব, অভিন্ন সমৃদ্ধি’ প্রতিপাদ্যে আয়োজিত এ এক্সপোটির উদ্যোক্তা হলো ‘স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশি রপ্তানিকারকদের সঙ্গে স্প্যানিশ উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন করা।

স্পেন সফর শেষে ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির আন্তর্জাতিক প্রসার, সাংস্কৃতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন সুযোগ অনুসন্ধান তাঁর সফরসূচির গুরুত্বপূর্ণ অংশ হবে।

সফরকালে সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের সৃজনশীল খাতের আন্তর্জাতিক যোগাযোগ জোরদারের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, স্পেন ও যুক্তরাজ্যে প্রতিমন্ত্রীর এ সফর ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি জোরদার, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতার পরিধি বাড়াতে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD