ঢাকায় এলো প্রথম ফিরতি হজ ফ্লাইট

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। এ উপলক্ষে প্রথম ফিরতি ফ্লাইট শনিবার (৩০ মে) বেলা ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিজ্ঞাপন
বিমানবন্দর সূত্র জানায়, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে চলতি বছরের হজযাত্রীদের ফিরতি যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
প্রথম দিনের সূচি অনুযায়ী, ১৩টি ফ্লাইটে মোট ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রী দেশে ফিরবেন। হজের ফিরতি ফ্লাইট পরিচালনা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মুসল্লিরা। এরপর ধাপে ধাপে দেশে ফেরার প্রস্তুতি নেন বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০২৬ সালের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।
বিজ্ঞাপন
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু, আবাসন, পরিবহন ও ভিসাসংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ায় কোনো বড় ধরনের শিডিউল জটিলতা ছাড়াই নিবন্ধিত সব হজযাত্রী সৌদি আরবে যেতে সক্ষম হয়েছেন।








