Logo

দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান তারেক রহমানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মে, ২০২৬, ১৩:৫৬
দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান তারেক রহমানের
তারেক রহমান । ছবি: সংগৃহীত

নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কাজে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, নাগরিক হিসেবে সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে একটি সুন্দর ও উন্নত দেশ গঠন করা সম্ভব।

বিজ্ঞাপন

শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে কাপড় ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, যেহেতু কর্মসূচিটি সড়কের পাশে আয়োজন করা হয়েছে, তাই যানজট ও জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলে যেন কোনো অসুবিধা না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি একে অপরকে সহযোগিতা করে, তাহলে শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। দেশ গঠনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা কাজ করছেন, তাদের সহায়তা করাও নাগরিক দায়িত্বের অংশ।

তারেক রহমান জানান, ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও সভার আয়োজন করা হবে, যেখানে দলকে কীভাবে আরও সুসংগঠিত করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD