ঈদের ছুটি শেষ না হতেই ঢাকামুখী যাত্রীদের ভিড়, কেউ যাচ্ছেন বাড়ি

ঈদুল আজহার ছুটি এখনও শেষ হয়নি। তবুও পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে অনেকেই আগেভাগে ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। অন্যদিকে কেউ কেউ এখনও ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ির পথে রওনা হচ্ছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে আগমন ও প্রস্থানের মিশ্র চিত্র।
বিজ্ঞাপন
শনিবার (৩০ মে) সকালে স্টেশন ঘুরে দেখা যায়, বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলোতে ফিরতি যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। একইসঙ্গে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও যাত্রী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খুলনা থেকে আসা একটি ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছানোর পর যাত্রীদের দ্রুত নামতে দেখা যায়। ব্যাগ ও মালপত্র নিয়ে তারা গন্তব্যের উদ্দেশে স্টেশন ত্যাগ করেন। এ সময় কুলিদেরও ব্যস্ত সময় পার করতে দেখা যায়।
বিজ্ঞাপন
তবে শুধু ঢাকায় ফেরা নয়, ঈদের তৃতীয় দিনেও অনেক যাত্রীকে রাজধানী ছাড়তে দেখা গেছে। তাদের অনেকে জানান, কোরবানিসহ পারিবারিক বিভিন্ন কাজ শেষ করে এখন গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন।
রাজশাহী ট্রেনের যাত্রী জান্নাতুর রহমান জানান, তিনি ঢাকার একটি জাতীয় পত্রিকায় কর্মরত। ঈদের সময় দায়িত্ব পালন করায় আগে ছুটি পাননি। ডিউটি শেষ করে এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে বাড়ি যাচ্ছেন।
কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফেরা বেসরকারি চাকরিজীবী সোহেল রানা বলেন, পরিবারের সঙ্গে ঈদের আনন্দময় সময় কাটানোর পর কর্মস্থলে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। অফিস শুরু হওয়ার আগেই স্বস্তিতে ঢাকায় ফিরতে চেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
স্টেশনে দায়িত্ব পালনকারী এক নিরাপত্তাকর্মী জানান, সকাল থেকে ফিরতি যাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে প্রকৃত ভিড় এখনও শুরু হয়নি। ঈদের ছুটির শেষ দিকে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদের ছুটি ঘিরে রাজধানীর অন্যতম ব্যস্ত এই রেলস্টেশনে এখন একইসঙ্গে দেখা মিলছে ঘরে ফেরার আনন্দ আর কর্মস্থলে ফেরার প্রস্তুতির ব্যস্ততা।








