৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও সময় দেওয়া হয়েছে। আগামী ৩ জুন তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
গত ২৭ মে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ঘটনার কারণ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে তদন্তের অগ্রগতি তুলে ধরে কমিটি একটি আংশিক প্রতিবেদন জমা দেয় এবং পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে অতিরিক্ত সময় চায়। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের আবেদন মঞ্জুর করে ৩ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং নিহত নবজাতকদের মায়েদের বক্তব্য নেওয়ার জন্য তদন্ত কমিটি অতিরিক্ত সময়ের আবেদন করেছিল। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এক নবজাতকের মায়ের অনুরোধে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদনের মাধ্যমে নবজাতকদের মৃত্যুর প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট কোনো অবহেলা বা ত্রুটি ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।








