Logo

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো আশ্রয় থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
৩১ মে, ২০২৬, ১২:৪৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো আশ্রয় থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আলীনগর-জঙ্গল সলিমপুর অঞ্চলকে আর কোনোভাবেই সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে থাকতে দেওয়া হবে না।

বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) সকালে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরের আশপাশের বেতুয়া ও চা-বাগান এলাকার পাহাড়ি অঞ্চলেও সন্ত্রাসীদের বিচরণ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এসব স্থান থেকেও সন্ত্রাসীদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি দমনে সরকার দেশব্যাপী পরিকল্পিত ও যৌথ অভিযান পরিচালনা করছে। এসব অপরাধ নির্মূলে আইনগত কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে।

জুয়ার বিষয়ে তিনি বলেন, বহু পুরোনো আইন দিয়ে বর্তমান সময়ের অনলাইন ও আধুনিক ধরনের জুয়া নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তাই নতুন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী সংসদ অধিবেশনে উত্থাপনের চেষ্টা করা হবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী জানান, দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের লক্ষ্যে আইন সংশোধনের পরিকল্পনা রয়েছে। এতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অসংখ্য মাদক মামলা দ্রুত নিষ্পত্তির সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

কিশোর গ্যাংয়ের ক্রমবর্ধমান তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, বিদ্যমান আইনের কিছু সীমাবদ্ধতার সুযোগ নিয়ে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে এবং এক পর্যায়ে ভয়ংকর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। এ কারণে এ ক্ষেত্রেও প্রয়োজনীয় আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD