বেনজীরকে দেশে ফেরাতে নথি দুবাইয়ে পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের উদ্যোগ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে বেনজীর আহমেদকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে থাকা মামলার নথিপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শনিবার (২০ জুন) রাজধানীর সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রয়োজনীয় তথ্য ও নথি ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। এখন সংশ্লিষ্ট দেশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই বেনজীরকে বাংলাদেশে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা অপরাধী চক্রের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।
বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, মোহাম্মদপুর দীর্ঘ সময় ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে বর্তমান সরকার এ পরিস্থিতির পরিবর্তনে দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকাটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বর্তমান সরকারের কার্যক্রম আগের যেকোনো সময়ের তুলনায় অধিক গতিশীল। সরকারের বিভিন্ন উদ্যোগের ফল ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে বলে তিনি দাবি করেন।
বিজ্ঞাপন
পুলিশ সদস্যদের পুরস্কার প্রদানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ বাহিনীর সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যাপক দায়িত্ব পালন করে চলেছেন। দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হচ্ছে।
এ সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি দলটিকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং একটি ‘মাফিয়া সংগঠন’ হিসেবে দেখেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের কর্মসূচি বা তৎপরতা পরিচালনার চেষ্টা হলে সে বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি সতর্কবার্তা দেন।








