Logo

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ জুলাই, ২০২৬, ১৩:২৮
সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে
ছবি: সংগৃহীত

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে রাজনৈতিক মন্তব্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সরকার নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জাহেদ উর রহমান বলেন, সাভারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং সরকার এর নিন্দা জানায়। তার ভাষ্য, এমন ঘটনার পর সরকারের প্রধান দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

নাহিদ ইসলামের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে অনেক সময় বিভিন্ন বক্তব্য দেওয়া হয় এবং সেটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখা উচিত। একজন রাজনৈতিক নেতা হিসেবে নিজের মত প্রকাশের অধিকার নাহিদ ইসলামের রয়েছে। তবে গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা একজন নেতার কাছ থেকে আরও দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার না করার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, ঘটনার পর এখনও ২৪ ঘণ্টাও পূর্ণ হয়নি। তদন্ত একটি চলমান প্রক্রিয়া এবং সব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার সম্ভব হয় না। তবে সংশ্লিষ্টদের শনাক্ত ও আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দ্রুত অগ্রগতি হবে বলে সরকার আশাবাদী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কোনো রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলেও কখনও কখনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার সেই ঘটনাকে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে কি না। তার দাবি, বর্তমান সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, সাভারে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনার পর নাহিদ ইসলাম প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, প্রশাসনের সহায়তায় এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে হামলার মাধ্যমে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD