ডিজিটাল রূপান্তরে আরও একধাপ এগোচ্ছে আনসার-ভিডিপি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট প্রশাসন গড়ে তুলতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি আনসার-ভিডিপির সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থার বর্তমান অগ্রগতি, সেবার স্বচ্ছতা, জবাবদিহি এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিভিন্ন দিক উপস্থাপন করেন।
মহাপরিচালক জানান, বাহিনীর বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বর্তমানে মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, সদস্য মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা, বিভিন্ন অভিযান, সামাজিক কর্মসূচি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালিত হচ্ছে। এসব সেবা একটি আন্তঃসংযুক্ত ডিজিটাল ব্যবস্থার আওতায় পরিচালিত হওয়ায় কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও দক্ষ হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, প্রায় ৬০ লাখ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান তথ্যভান্ডার এবং বহুমাত্রিক ডিজিটাল কার্যক্রম ভবিষ্যতে বৃহৎ তথ্যভান্ডার বিশ্লেষণ, যন্ত্রভিত্তিক শিক্ষণ, বৃহৎ ভাষা মডেল এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করছে। বাহিনীর নিজস্ব তথ্যভান্ডার ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা গেলে সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা মূল্যায়ন, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবাকে আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
আলোচনায় তথ্যপ্রযুক্তি মন্ত্রী এই উদ্যোগকে সময়োপযোগী, উদ্ভাবনী এবং ভবিষ্যতমুখী বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত এত বড় একটি ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনাও দেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৃহৎ ভাষা মডেলভিত্তিক প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে শুধু বাহিনীর প্রশাসনিক দক্ষতাই বাড়বে না, জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবার আধুনিকায়নেও এটি কার্যকর ভূমিকা রাখবে।
বাহিনীর ডিজিটাল ব্যবস্হাপনা শীর্ষক এই উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মো. রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন








