Logo

চাকরিজীবীদের দুই দফায় মিলতে পারে টানা ৮ দিনের ছুটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই, ২০২৬, ১৭:৩৪
চাকরিজীবীদের দুই দফায় মিলতে পারে টানা ৮ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটির দুটি সাধারণ সরকারি ছুটির সঙ্গে মাত্র দুটি কর্মদিবসে ঐচ্ছিক ছুটি নিলে দুই দফায় টানা চার দিন করে মোট আট দিনের অবকাশ পাওয়া সম্ভব।

বিজ্ঞাপন

ছুটির সূচি অনুযায়ী, প্রথম দফায় ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ সরকারি ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকবে। তবে কেউ যদি ওই দিন একদিনের ঐচ্ছিক ছুটি নেন, তাহলে ৫ আগস্টের সরকারি ছুটির সঙ্গে ৭ আগস্ট (শুক্রবার) ও ৮ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা চার দিনের বিশ্রামের সুযোগ তৈরি হবে।

একইভাবে মাসের শেষ ভাগেও আরেক দফা দীর্ঘ ছুটির সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ সরকারি ছুটি পালিত হবে। এরপর ২৭ আগস্ট (বৃহস্পতিবার) অফিস খোলা থাকলেও, ওই দিন একদিনের ছুটি নিলে ২৮ আগস্ট (শুক্রবার) ও ২৯ আগস্ট (শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা চার দিনের অবকাশ কাটানো যাবে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট মাসে নির্ধারিত সাধারণ সরকারি ছুটিগুলো হলো— ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস এবং ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) (চাঁদ দেখা সাপেক্ষে)।

বিজ্ঞাপন

এ হিসেবে আগস্ট মাসে মাত্র দুটি কর্মদিবসে ঐচ্ছিক ছুটি গ্রহণ করলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দফায় মোট আট দিনের দীর্ঘ ছুটির সুবিধা পেতে পারেন। এতে অনেকে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, দেশের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণ কিংবা ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার সুযোগ পাবেন।

তবে ঈদে মিলাদুন্নবীর ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় এ অংশের ছুটির সূচিতে পরিবর্তন আসতে পারে। অন্যদিকে, ঐচ্ছিক ছুটি গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের প্রশাসনিক অনুমোদনের ওপর নির্ভর করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD