Logo

শেয়ারবাজার কারসাজির দায়ীদের বিচারের আওতায় আনা হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই, ২০২৬, ১৯:৪৮
শেয়ারবাজার কারসাজির দায়ীদের বিচারের আওতায় আনা হবে
ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে অনিয়ম, কারসাজি ও ধারাবাহিক দরপতনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতের সব অনিয়মের তদন্ত করে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে তার বক্তব্য উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী জানান, শেয়ারবাজার সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান চালিয়েছে। তদন্তে কয়েকজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট এক হাজার ৪৯৭ কোটি টাকা জরিমানা করেছে। পাশাপাশি অধিকতর তদন্তের জন্য অভিযুক্তদের তালিকা দুদকের কাছে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময়ে পুঁজিবাজারে বড় ধরনের সংকট তৈরির পেছনে বাজার কারসাজি, কৃত্রিমভাবে শেয়ারের দাম নিয়ন্ত্রণ, আইপিও ও বন্ড ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল তদারকি এবং সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়াসহ একাধিক কারণ দায়ী ছিল।

পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিনিয়োগবান্ধব করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে—বিএসইসিতে দক্ষ নেতৃত্ব নিয়োগ, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে ফ্লোর প্রাইস প্রত্যাহার, লাভজনক সরকারি ও বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহ দেওয়া, মৌলভিত্তি শক্তিশালী ও এসএমই কোম্পানির অন্তর্ভুক্তি, কারসাজি রোধে তথ্যদাতাদের সুরক্ষা, অডিট ফার্মের জন্য নীতিমালা প্রণয়ন, ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানো ও লভ্যাংশে দ্বৈত কর বাতিল, বিশেষ ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়েরের সুযোগ, পুঁজিবাজার সংস্কার ও বিশেষ তদন্ত কমিশন গঠন, ব্লকচেইন ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু, ই-কেওয়াইসি ও মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন সহজ করা এবং বিনিয়োগকারী সুরক্ষা তহবিল গঠনসহ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ট্রেজারি বন্ড লেনদেন উন্মুক্ত করা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, সরকার একটি স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে বিনিয়োগকারীদের স্বার্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD