Logo

১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৬, ২০:৫০
১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি তেলের চাহিদা নির্বিঘ্নে পূরণ করতে সরকার থেকে সরকার (জি টু জি) ভিত্তিক মেয়াদি চুক্তির আওতায় ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ আমদানিতে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা। পুরো অর্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব বাজেট থেকে বহন করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয়প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার ভিত্তিক চুক্তির আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি এবং ভারতের আইওসিএল—এই ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে পরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মোট ১৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৯ লাখ ১৫ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল, ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন জেট এ-ওয়ান, ২ লাখ মেট্রিক টন ফার্নেস অয়েল, ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন-৯৫ (আনলোডেড) এবং ৩০ হাজার মেট্রিক টন মেরিন ফুয়েল।

বিজ্ঞাপন

ক্রয়প্রস্তাবে গ্যাস অয়েলের প্রতি ব্যারেলে প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৫০ মার্কিন ডলার। জেট এ-ওয়ানের ক্ষেত্রে প্রতি ব্যারেলে প্রিমিয়াম ধরা হয়েছে ১০ দশমিক ১৫ মার্কিন ডলার এবং গ্যাসোলিন-৯৫ (আনলোডেড)-এর ক্ষেত্রে প্রতি ব্যারেলে ৮ দশমিক ৪৯ মার্কিন ডলার। অন্যদিকে, ফার্নেস অয়েলের জন্য প্রতি মেট্রিক টনে ৬৬ মার্কিন ডলার এবং মেরিন ফুয়েলের জন্য প্রতি মেট্রিক টনে ৮৫ মার্কিন ডলার প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন সময়ে একই ধরনের জি টু জি চুক্তির আওতায় ১২ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন গ্রেডের পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়েছে। আগামী জুলাই থেকে ডিসেম্বর সময়ের সম্ভাব্য চাহিদা পূরণে নতুন এ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD