Logo

অর্থসংকটে জুলাই ফাউন্ডেশন, মাসের পর মাস বেতনহীন কর্মীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ১৩:৫২
অর্থসংকটে জুলাই ফাউন্ডেশন, মাসের পর মাস বেতনহীন কর্মীরা
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার লক্ষ্যে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বর্তমানে তীব্র আর্থিক সংকটের মুখোমুখি। প্রতিষ্ঠার এক বছর পূর্ণ হওয়ার আগেই সংস্থাটির নিয়মিত কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। অর্থের অভাবে কয়েক মাস ধরে কর্মীদের বেতন পরিশোধ করা যাচ্ছে না, পাশাপাশি অফিসের ভাড়াও বকেয়া রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শহীদ পরিবার ও আহতদের সহায়তার উদ্দেশ্যে ওই বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠা করা হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুরু থেকেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহযোগিতার দায়িত্ব পালন করে আসছে প্রতিষ্ঠানটি। তবে প্রয়োজনীয় অর্থের ঘাটতির কারণে বর্তমানে সেই কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য মোট ৩৮৩ কোটি টাকার প্রয়োজন ছিল। কিন্তু সরকারি বরাদ্দ ও বিভিন্ন অনুদান মিলিয়ে এখন পর্যন্ত পাওয়া গেছে মাত্র ১২৪ কোটি টাকা। এই অর্থের মধ্যে ৮৩১টি শহীদ পরিবারের মাঝে ৪২ কোটি টাকা এবং ৬ হাজার ১২৭ জন আহত ব্যক্তির মধ্যে ৭৮ কোটি টাকা সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।

তবে বরাদ্দকৃত অর্থের বড় অংশ সহায়তা কার্যক্রমে ব্যয় হয়ে যাওয়ায় প্রশাসনিক ব্যয় নির্বাহে সংকট দেখা দিয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে অফিস পরিচালনা, কর্মীদের বেতন এবং অন্যান্য নিয়মিত ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ফাউন্ডেশনের অনেক কর্মীই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য অথবা আহত যোদ্ধা। আর্থিক অনিশ্চয়তার মধ্যেও তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে বেতন না পাওয়ায় তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা ধরনের সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অর্থসংকটের কারণে আহতদের চিকিৎসা সহায়তা, পুনর্বাসন এবং অন্যান্য সেবামূলক কার্যক্রমও আগের মতো চালিয়ে নেওয়া যাচ্ছে না। অনেক আহত ব্যক্তি এখনও প্রাপ্য সহায়তা পাননি বলেও জানিয়েছে ফাউন্ডেশন।

এ পরিস্থিতিতে সরকারের কাছে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টদের মতে, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই এ কার্যক্রম অব্যাহত রাখতে নিয়মিত সরকারি অর্থায়নের ব্যবস্থা জরুরি।

বিজ্ঞাপন

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সরকারি গেজেটে শহীদের সংখ্যা ৮৪৩ জন উল্লেখ করা হয়েছে। বাকি নিহতদের শনাক্তকরণ ও তালিকাভুক্তির কাজও চলমান রয়েছে বলে জানিয়েছে ফাউন্ডেশন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল আকবর বলেন, কর্মীদের বেতন এবং অফিস পরিচালনার ব্যয় বহনের বিষয়টি সরকারের দায়িত্ব। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। এখন সরকারি বরাদ্দের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। মন্ত্রণালয় জানিয়েছে, আসন্ন বাজেট বরাদ্দের মধ্যেই বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

বকেয়া বেতনের বিষয়ে তিনি জানান, বর্তমানে প্রায় পাঁচ মাসের বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তবে ঈদের আগে কর্মীদের এক মাসের সমপরিমাণ বেতন দেওয়া হয়েছিল। সেই অর্থ সরকারি বরাদ্দ থেকে নয়, বরং তার ব্যক্তিগত সঞ্চয় থেকে ঋণ হিসেবে দেওয়া হয়েছিল, যাতে কর্মীরা অন্তত সাময়িক স্বস্তি পান।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, দ্রুত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না এলে শুধু কর্মীদের দুর্ভোগই বাড়বে না, বরং জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সহায়তামূলক কার্যক্রমও আরও বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD