দুই নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বৃষ্টির শঙ্কা

দেশের দুই জেলার দুটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী দুটি হলো সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এবং হবিগঞ্জের বাল্লায় খোয়াই নদী।
বিজ্ঞাপন
একই সময়ে আগামী তিন দিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং এসব বিভাগের তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। খোয়াই নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন কমতে পারে। অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। এসব নদীর পানি আগামী এক দিন আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। তবে মাতামুহুরী নদীর পানি কমেছে।
বিজ্ঞাপন
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও কমেছে এবং আগামী পাঁচ দিন তা অব্যাহত থাকতে পারে।
অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী পাঁচ দিন এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।








