Logo

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৪ আগস্ট, ২০২৬, ১৪:১৬
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ নিহত বেড়ে ৭
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজের একটি ট্যাংক থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী সাগর উপকূলের ওই শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছেন।

ইয়ার্ড ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ৯টার দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাংক থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় কিছু মানুষ ঘটনাটি দেখতে সেখানে গেলে জমে থাকা গ্যাসে কয়েকজনের মৃত্যু ও কয়েকজন আহত হন। তবে হতাহতদের সঠিক সংখ্যা বা পরিচয় তিনি জানাতে পারেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। তিনি জানান, পুলিশ তাকে সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছে। তবে ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের আগে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

বিজ্ঞাপন

এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, শিপইয়ার্ডে মরদেহ উদ্ধারের কাজ চলছে।

ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্ধ মানুষ ইয়ার্ডে গিয়ে ভাঙচুর করেছে বলেও ইয়ার্ড কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় সুযোগসন্ধানীরা বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD