Logo

সৌর বিদ্যুতে চার্জ না করলে নিবন্ধন পাবে না ব্যাটারিচালিত রিকশা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৩:২২
সৌর বিদ্যুতে চার্জ না করলে নিবন্ধন পাবে না ব্যাটারিচালিত রিকশা
ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। তবে নিবন্ধন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ করলে নিবন্ধন না দেওয়ার পাশাপাশি জরিমানার বিধানও রাখা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করলে জরিমানা

মীর শাহে আলম বলেন, ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উৎসাহ দিতে ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করার শর্ত রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি জানান, সৌরবিদ্যুতের পরিবর্তে অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে রিকশার ব্যাটারি চার্জ করা হলে সংশ্লিষ্ট রিকশাকে নিবন্ধন দেওয়া হবে না। একই সঙ্গে নিয়ম ভঙ্গ করে সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ ব্যবহার করে চার্জ করলে জরিমানার বিধানও রাখা হবে।

বিজ্ঞাপন

সিটি করপোরেশন ও পৌরসভা দেবে নিবন্ধন

প্রতিমন্ত্রী জানান, এখন থেকে ব্যাটারিচালিত ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা এসব রিকশার নিবন্ধন দেবে।

এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং সেই আইনের ভিত্তিতে বিধিমালা প্রণয়নের কাজ চলছে। নতুন বিধিমালায় নিবন্ধন ফি, নবায়ন ফি এবং রিকশার মালিকদের জন্য অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে।

বিজ্ঞাপন

ফিটনেস সার্টিফিকেট বাধ্যতামূলক

ব্যাটারিচালিত রিকশার ফিটনেসের বিষয়েও নির্দিষ্ট নিয়ম চালুর কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নেওয়া বাধ্যতামূলক করা হবে।

ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিয়ে নিবন্ধন ও নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

ঢাকার রিকশা আটটি জোনে ভাগের পরিকল্পনা

ঢাকা শহরে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাগুলোকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনাও রয়েছে বলে জানান মীর শাহে আলম। তিনি বলেন, বিধিমালা তৈরির প্রাথমিক বৈঠক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ওই বৈঠকে বুয়েটের বিশেষজ্ঞ, ঢাকা ট্রাফিক পুলিশের কর্মকর্তা এবং দুই সিটি করপোরেশনের প্রতিনিধিরা অংশ নেন।

বিধিমালা কার্যকর হলেই বাস্তবায়ন

বিজ্ঞাপন

নতুন নিয়মগুলো কবে থেকে কার্যকর হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন করে বিধিমালায় অন্তর্ভুক্ত করার পরই এর বাস্তবায়ন শুরু হবে।

অর্থাৎ বিধিমালা চূড়ান্ত ও অনুমোদনের প্রক্রিয়া শেষ হলেই ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন, ফিটনেস, চার্জিং ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ম কার্যকর করার পথ খুলবে।

পাঁচ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি জানান, চলতি অর্থবছরের বাজেটে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনের জন্য বাজেটে অর্থ রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, এসব নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। পাঁচটি নির্বাচন সম্পন্ন করতে আনুমানিক ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে প্রাথমিক হিসাব করা হয়েছে।

তবে নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে আর্থিক বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ ও অর্থ বিভাগ বসে নির্বাচনের সময় নির্ধারণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD