চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ ও পৌরসভাসহ স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের আবাসিক ভবন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করতে প্রায় ৫ থেকে সাড়ে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এরই মধ্যে পাস হওয়া বাজেটে এ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশনও নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
লোডশেডিং প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো প্রয়োজন। ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে ব্যাপকভাবে সোলার প্যানেল ব্যবহার শুরু করা গেলে বিদ্যুৎ সংকট অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, সৌরবিদ্যুতে বিনিয়োগের অর্থ এক বছরের মধ্যেই উঠে আসতে পারে। তাই নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলদ গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিদ্যালয়ের খেলার মাঠ, শিশু উদ্যান ও ময়লার ভাগাড় পরিদর্শন করেন।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।








