Logo

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান : বঙ্গভবনে আসছেন কূটনীতিকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট, ২০২৬, ১৯:১৭
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান : বঙ্গভবনে আসছেন কূটনীতিকরা
ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনে বিভিন্ন দেশের কূটনীতিকরা আসতে শুরু করেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠেয় শপথগ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল থেকেই বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে করে কূটনীতিকদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিদেরও আগমন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

কূটনীতিক ও অতিথিদের অভ্যর্থনা জানাতে বঙ্গভবনের ভেতরে এবং প্রবেশপথে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

নিরাপত্তার দায়িত্বে পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও আনসার সদস্যদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বঙ্গভবনের প্রবেশপথ ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে তল্লাশি ও নিয়ন্ত্রণব্যবস্থাও জোরদার করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক মানুষের উপস্থিতিও দেখা গেছে। কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের গাড়ি বঙ্গভবনে প্রবেশের সময় সড়কের পাশে দাঁড়িয়ে অনেকে অনুষ্ঠান ঘিরে আগ্রহ প্রকাশ করছেন।

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD