Logo

দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে: মঈন খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১২:৩৬
দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে: মঈন খান
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত বছরগুলোতে সংঘটিত দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

ড. আবদুল মঈন খান বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যাশিত উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, তার প্রধান লক্ষ্য হবে সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই এ মন্ত্রণালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হলে রাষ্ট্রীয় সেবার মানও উন্নত হবে। স্থানীয় সরকারব্যবস্থাকে গণতন্ত্রের অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি এর কার্যকারিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের সব ক্ষমতার উৎস জনগণ। নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের দায়িত্ব দেয়, তাদের সেই আস্থার মর্যাদা রক্ষা করতে হবে। জনগণের কল্যাণে রাষ্ট্রীয় ক্ষমতার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

দারিদ্র্য বিমোচনের প্রসঙ্গে ড. আবদুল মঈন খান বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে। তাদের প্রয়োজন ও অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করবে। এ সময় তিনি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন সামাজিক সুরক্ষা উদ্যোগের কথাও উল্লেখ করেন।

নিজের বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন এবং বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তার ভূমিকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণের সঙ্গে থেকে এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি দায়িত্ব পালন করতে চান। পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি অতীতে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্নও তোলেন। তার দাবি, একসময় বিচারকদের স্বাধীনভাবে রায় দেওয়ার সুযোগ সীমিত ছিল। তবে বর্তমান সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও জবাবদিহিমূলক ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জনগণের প্রত্যাশা পূরণে আরও দক্ষ ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই হবে তার অগ্রাধিকার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD