Logo

সড়ক দুর্ঘটনায় দ্রুত চিকিৎসা নিশ্চিতে বড় উদ্যোগ সরকারের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট, ২০২৬, ১৬:২৯
সড়ক দুর্ঘটনায় দ্রুত চিকিৎসা নিশ্চিতে বড় উদ্যোগ সরকারের
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স, ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স এবং হাইওয়ে পুলিশের জন্য ৮০টি টহল মোটরসাইকেল চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের (বিআরএসপি) আওতায় এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের প্রথম বহুখাতভিত্তিক ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’নির্ভর এ প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানোর পাশাপাশি দুর্ঘটনা ঘটার পর আহতদের দ্রুত উদ্ধার ও চিকিৎসার আওতায় আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

প্রকল্পের আওতায় ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স জয়দেবপুর-হাটিকুমরুল-বগুড়া-রংপুর, হাটিকুমরুল-নাটোর-রাজশাহী এবং জয়দেবপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের প্রায় ৫০০ কিলোমিটার অংশে মোতায়েন করা হবে।

বিজ্ঞাপন

পরিকল্পনা অনুযায়ী, প্রতি ১০ কিলোমিটার অন্তর একটি করে অ্যাম্বুলেন্স রাখা হবে। এতে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত সরিয়ে নেওয়া এবং জরুরি চিকিৎসা দেওয়ার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ঢাকার জন্য চালু করা হয়েছে ৪০টি মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। রাজধানীর তীব্র যানজটের কারণে প্রচলিত অ্যাম্বুলেন্স অনেক সময় দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারে না। এই পরিস্থিতিতে মোটরসাইকেল অ্যাম্বুলেন্স সরু ও যানজটপূর্ণ সড়ক দিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক সহায়তা এবং হাসপাতালে নেওয়ার কাজে ব্যবহার করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, মহাসড়কে পুলিশের টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হাইওয়ে পুলিশের কাছে দেওয়া হয়েছে ৮০টি টহল মোটরসাইকেল। এগুলোর মাধ্যমে দুর্ঘটনাপ্রবণ এলাকায় দ্রুত পৌঁছানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD