Logo

সারের সংকট নেই, কৃত্রিম সংকটে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
ফরিদপুর
২৯ আগস্ট, ২০২৬, ১৮:৩৮
সারের সংকট নেই, কৃত্রিম সংকটে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তার দাবি, একটি মহল পরিকল্পিতভাবে বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়ানোর চেষ্টা করছে। বেশি অর্থ না দিলে সার পাওয়া যায় না—এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারের সরবরাহ পরিস্থিতি তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, দেশের মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয়। পাশাপাশি একই পরিমাণ সার নিরাপত্তা মজুদ হিসেবে রাখা হয়। ফলে দেশে সার সংকট তৈরি হওয়ার কোনো কারণ নেই।

তবে কিছু দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী ইচ্ছাকৃতভাবে সারের দাম বাড়িয়ে রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তার ভাষ্য, কিছু খুচরা বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করলেও অতিরিক্ত অর্থ দিলে তারাই আবার কৃষকদের সার সরবরাহ করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে বেশি দাম নেওয়া বা কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত কোনো বিক্রেতাকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

কৃষিপণ্যের ক্ষেত্রে আমদানিনির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি। পাট ও পেঁয়াজের বীজ যাতে ভবিষ্যতে বিদেশ থেকে আমদানি করতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি।

কৃষিতে সরকারের অন্যতম লক্ষ্য তুলে ধরে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রয়োজনীয় কৃষিপণ্যের আমদানি কমিয়ে দেশের উৎপাদন বাড়িয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে হবে। ভবিষ্যতে কোনো কৃষিপণ্য আমদানি না করে বরং রপ্তানির সক্ষমতা অর্জন করাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, “আগামীতে কোনো কৃষিপণ্য আমদানি করতে না হয়, বরং রপ্তানি করা যায়-সেটাই কৃষিতে সরকারের লক্ষ্য। আমরা নিজেরাই উৎপাদন করার চেষ্টা করছি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে কষ্ট ও পরিশ্রম করতে হবে।”

বিজ্ঞাপন

কাঁচামরিচ, আদা ও রসুনসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে এসব পণ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যেও সরকার কাজ করছে বলে জানান কৃষিমন্ত্রী।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। তার দাবি, দলটি যখনই ক্ষমতায় এসেছে, তখনই কৃষকদের জীবনমান ও ভাগ্যোন্নয়নে কাজ করেছে।

সভায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এর আগে কৃষিমন্ত্রী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD