Logo

বারিতে গবেষণায় নতুন দিকনির্দেশনা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২৮ জুলাই, ২০২৬, ১৮:১০
বারিতে গবেষণায় নতুন দিকনির্দেশনা
ছবি: সংগৃহীত

দেশের কৃষি গবেষণাকে আরও যুগোপযোগী, জলবায়ু সহনশীল ও চাহিদাভিত্তিক করতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত মতবিনিময় সভা এবং অভ্যন্তরীণ গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বারির কাজী বদরুদ্দোজা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, সময়ের চাহিদা ও জলবায়ু পরিবর্তনের বাস্তবতা বিবেচনায় গবেষণাকে আরও এগিয়ে নিতে হবে। প্রতিকূল পরিবেশ উপযোগী উচ্চফলনশীল জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের গবেষণা কার্যক্রমের মূল্যায়ন এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে ২০২৬-২৭ অর্থবছরের নতুন গবেষণা কর্মসূচি প্রণয়নের লক্ষ্যেই এ আয়োজন। বারির বিজ্ঞানীরা এ পর্যন্ত বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধী ও প্রতিকূল পরিবেশ উপযোগী জাত এবং ৬৯২টি উৎপাদন প্রযুক্তিসহ মোট ১ হাজার ৩৭৩টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এসব প্রযুক্তির ফলে দেশে তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির স্বাগত বক্তব্য দেন। বারির গবেষণা কার্যক্রম ও সাফল্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ।

বিজ্ঞাপন

এ সময় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি কে এম মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির মহাপরিচালক মো. সাইফুল আজম খান এবং বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক ড. মো. সাইফুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে কৃষি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও সমন্বিত ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বারির বিজ্ঞানীরা অংশ নেন। সমাপনী পর্বে বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD