Logo

সার নিয়ে কঠোর সরকার, ডিলারদের কড়া সতর্কতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট, ২০২৬, ২০:৫৩
সার নিয়ে কঠোর সরকার, ডিলারদের কড়া সতর্কতা
ছবি: সংগৃহীত

সার নিয়ে কৃত্রিম সংকট ও সিন্ডিকেট ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বরাদ্দ পাওয়া সার নির্ধারিত সময়ে উত্তোলনে কোনো ধরনের গড়িমসি না করতে ডিলারদের নির্দেশ দিয়েছে কৃষি মন্ত্রণালয়। বরাদ্দের সার উত্তোলন নিয়ে সংকট তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও কৃষিসচিব মো. সেলিম খান উপস্থিত ছিলেন। বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় সার নিয়ে যে সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, এর পেছনে ডিলারদের একটি অংশের সিন্ডিকেট ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, কিছু ডিলার নিজেদের বরাদ্দের সার উত্তোলন না করেই বাজারে সংকটের প্রচার চালাচ্ছেন। এর ফলে কৃষকদের বাড়তি দামে সার কিনতে হচ্ছে এবং নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার কিছু ডিলার বরাদ্দের সার উত্তোলন না করেই সংকটের কথা প্রচার করেছেন। আবার কেউ কেউ গুদামে সার মজুত রেখে বেশি দামে বিক্রি করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সংকটের প্রকৃত কারণ চিহ্নিত এবং তা মোকাবিলায় সোমবার (২৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংকটের কারণ অনুসন্ধানে কৃষিমন্ত্রী ও সচিবসহ পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিভিন্ন জেলার ডিসি ও কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে কৃষি মন্ত্রণালয়। এতে ডিলারদের বরাদ্দ অনুযায়ী সার উত্তোলন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সার উত্তোলন, মজুত ও বিক্রির প্রতিটি পর্যায়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, ডিলার ও খুচরা বিক্রেতারা যত পরিমাণ সার বিক্রি করবেন, তার সম্পূর্ণ হিসাব রেজিস্টারে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে ক্রেতাকে রসিদ দেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে। এর মাধ্যমে অতিরিক্ত দামে সার বিক্রির সুযোগ বন্ধ করতে চায় সরকার।

এ ছাড়া ডিলার ও খুচরা বিক্রেতাদের দোকানে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের সরকারি মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত নিয়ম না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সভা থেকে।

সার ব্যবস্থাপনার নতুন নীতিমালা অনুযায়ী খুচরা বিক্রেতাদের তাৎক্ষণিকভাবে বাতিল করে দেওয়া হবে—এমন গুজব নিয়েও সভায় স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জানানো হয়, খুচরা বিক্রেতারা আপাতত তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর এবং তাদের বিক্রয় প্রতিনিধিরা নতুন ব্যবস্থার সঙ্গে যুক্ত হলে খুচরা বিক্রেতাদের কার্যক্রম বন্ধ করা হবে বলে সভায় জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD