Logo

চরিত্র পরিবর্তন করতে না পারলে চাকরি করার দরকার নেই

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
৩১ আগস্ট, ২০২৬, ১৮:২৬
চরিত্র পরিবর্তন করতে না পারলে চাকরি করার দরকার নেই
ছবি: সংগৃহীত

স্বৈরাচারের দোসররা নিজেদের চরিত্র ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে তাদের চাকরিতে থাকার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যায় নির্দেশ পালন করা সরকারি কর্মকর্তাদেরও নিজেদের অবস্থান ও কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুশাসন নিশ্চিতকরণসংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

পর্যটনমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে যা হয়েছে, তা আমরা জানি। ফ্যাসিবাদের দোসররা যদি তাদের চরিত্র পরিবর্তন করতে না পারে, তবে তাদের আর চাকরি করার দরকার নেই।

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে কাজ না করলে উন্নয়ন সম্ভব নয়। অতীতের ভুল পেছনে ফেলে নতুন করে কাজ শুরু করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বিগত ২০ বছরের যে ক্ষতি হয়েছে, আগামী ৫ বছরে তা পূরণ করতে হবে। আমরা আর পেছনে তাকাতে চাই না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সভায় মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির কথাও তুলে ধরেন রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে। জামিনে গিয়ে অপরাধীরা যেন পার না পায়, সে বিষয়ে আজ বিকেলেই মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলব। প্রয়োজনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

সভায় ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে প্রশস্তকরণ, শম্ভুগঞ্জ বাজারের সার গুদাম মেরামত, বিভাগীয় শহরের রাস্তা সম্প্রসারণ এবং ময়মনসিংহে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এ ছাড়া চলতি বছরের মধ্যেই সরকার অত্যন্ত স্বল্প খরচে তিন লাখ যুবকের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে সভায় জানানো হয়। একই সঙ্গে অসচ্ছল পরিবারের ১০ হাজার যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য ছাড়াও জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD