Logo

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরী: তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৬, ২১:১৪
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরী: তারেক রহমান
ছবি: সংগৃহীত

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিএনপিকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল উল্লেখ করে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারেক রহমান। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি দেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের এই দিনে ঢাকার রমনা বটমূলের উন্মুক্ত চত্বরে, রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মতে, বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ঘটনা।

তিনি বলেন, মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার ফিরিয়ে দেন। এর ধারাবাহিকতায় সময়ের প্রয়োজনেই বিএনপি প্রতিষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয় বলে বাণীতে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তিনি। তারেক রহমান বলেন, খালেদা জিয়া তার নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন।

বাণীতে তারেক রহমান বলেন, শুধু গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠাই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি অতন্দ্রপ্রহরীর দায়িত্ব পালন করেছে এবং এখনও করে যাচ্ছে। দেশে যখনই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই গণতন্ত্রকামী মানুষের সঙ্গে বিএনপির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা আত্মত্যাগ করেছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের অবদানও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের মানুষ যখনই অবাধ, নির্ভয়ে ও সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে সরকার পরিচালনার সময় গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ নানা গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন ও শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে বলেও বাণীতে উল্লেখ করেন তারেক রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়। বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ণ রেখে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা দেশসেবায় নিজেদের নিয়োজিত রেখে আগামী দিনগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপি মনে করে দেশের গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে বিএনপির রাজনৈতিক পরিচয় ওতপ্রোতভাবে জড়িত।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবারও গণতন্ত্রকামী ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীকে শুভেচ্ছা জানান বিএনপির চেয়ারম্যান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD