Logo

অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ আগস্ট, ২০২৬, ১৯:২৭
অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ
ছবি: সংগৃহীত

অনুমোদন ছাড়া চলাচলকারী ডাবল ডেকার স্লিপার কোচের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করা এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বৈঠকের সিদ্ধান্তগুলো জানান।

বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনালের পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিজ্ঞাপন

টোল আদায়ে চালু হবে ইটিসি

এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে টোল আদায়কে আরও দ্রুত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপ উন্নয়নসহ প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রাবাড়ী-গুলিস্তান যানজট নিয়ে উদ্যোগ

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশে দীর্ঘদিন ধরে চলা যানজট নিরসনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়।

ফুলবাড়িয়া টার্মিনাল যাবে কেরানীগঞ্জে

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

টার্মিনালটি স্থানান্তর করা হলে ঢাকার কেন্দ্রীয় এলাকায় আন্তজেলা বাসের চাপ কমবে এবং যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে বলে বৈঠকে আলোচনা হয়।

স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগবে বলে এর আগেই ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। আগামী চার মাসের মধ্যে এটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গাবতলী সম্প্রসারণ, কিচেন মার্কেটও সরবে

বিজ্ঞাপন

গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া সচিবালয়ের আশপাশে পার্কিং সুবিধা বাড়ানো এবং ঢাকা শহরে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।

বৈঠকে রাজধানীর যানজট নিরসনে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD