ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত

ঢাকার দীর্ঘস্থায়ী যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করা এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বৈঠকের বিষয়টি জানিয়েছেন।
বৈঠকে রাজধানীর সামগ্রিক যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনালের পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
টোল আদায়ে ইটিসি, চার মাসে অ্যাপ
বিজ্ঞাপন
এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে টোল আদায় আরও দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপ উন্নয়নসহ এ কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান এলাকায় যানজট নিরসনে বুয়েটের প্রতিবেদন
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার ঘিরে দীর্ঘদিনের যানজট কমানোর বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগে তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা করে কার্যকর পদক্ষেপ নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বুয়েটকে বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনার পর প্রয়োজনীয় সুপারিশসহ নতুন প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
ফুলবাড়িয়া টার্মিনাল যাবে কেরানীগঞ্জে
রাজধানীর কেন্দ্রীয় এলাকায় গণপরিবহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে স্থায়ী টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
তবে স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগায় এর আগেই ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী চার মাসের মধ্যে এই অস্থায়ী টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রসারিত হবে গাবতলী বাস টার্মিনাল
বাস ও অন্যান্য যানবাহন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ কাজ দ্রুত এগিয়ে নিতে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে
রাজধানীর ব্যস্ত কারওয়ান বাজার এলাকায় যানবাহনের চাপ কমানোর অংশ হিসেবে সেখানকার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
সচিবালয় এলাকায় পার্কিং সুবিধা বাড়ানোর উদ্যোগ
বিজ্ঞাপন
সচিবালয় ঘিরে যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়নের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা করা যায় কি না, তা যাচাই করা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও বিকল্প পার্কিং স্থান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অটোরিকশার জন্য আলাদা নীতিমালা
ঢাকা মহানগরে অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে অটোরিকশা চলাচলকে আরও পরিকল্পিত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুমোদনহীন স্লিপার বাসে ব্যবস্থা
বিজ্ঞাপন
অনুমোদন ছাড়া চলাচলকারী ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রী রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








