Logo

মক্কা চুক্তিতে যোগদানে জাতীয় স্বার্থই অগ্রাধিকার দেবে বাংলাদেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৬
মক্কা চুক্তিতে যোগদানে জাতীয় স্বার্থই অগ্রাধিকার দেবে বাংলাদেশ
শামা ওবায়েদ ইসলাম | ফাইল ছবি

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট’-এ বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি জানিয়েছেন, চুক্তিতে অংশ নেওয়ার সম্ভাবনা সরকার পর্যালোচনা করছে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, “আমরা মক্কা চুক্তিতে অংশগ্রহণের বিষয়টি খতিয়ে দেখছি। জোটে যোগদানের আগে বাংলাদেশের স্বার্থ অগ্রাধিকার দেওয়া হবে।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ কোনো বহুপক্ষীয় সংস্থা বা জোটে যুক্ত হওয়ার আগে দেশের বর্তমান পররাষ্ট্রনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে বিষয়টি যাচাই-বাছাই করবে। কোনো চুক্তিতে যুক্ত হলে বাংলাদেশের কী ধরনের সুবিধা হবে এবং দেশের জনগণ কীভাবে উপকৃত হবে—এসব বিষয় বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ যে কোনো মাল্টিল্যাটারাল বডিতে (বহুপক্ষীয় সংস্থায় বা জোটে) অংশ নেওয়ার আগে বর্তমানে যে ফরেন পলিসি, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে আগে যাচাই-বাছাই করবে। এই প্যাক্টে (চুক্তি) যুক্ত হলে বাংলাদেশের কী সুবিধা, বাংলাদেশের মানুষের কী সুবিধা—সেসব বিষয় চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

কী আছে মক্কা চুক্তিতে

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট’ সই করে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো—এর কোনো একটি সদস্য দেশের ওপর হামলা হলে সেটিকে সব সদস্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এই চুক্তিতে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, বাংলাদেশ এখনো কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় জাতীয় স্বার্থকে সবার আগে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

এর আগে সম্প্রতি সংসদে মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছিলেন, বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রস্তাব বাংলাদেশ পায়নি।

অন্যদিকে, গত রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, বাংলাদেশ মক্কা চুক্তিতে যোগ দিলে সরকার এতে কোনো ঝুঁকি দেখছে না।

ফলে বর্তমানে সরকারের অবস্থান হলো, আনুষ্ঠানিক আমন্ত্রণ না পাওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়; আমন্ত্রণ এলে বাংলাদেশের স্বার্থ, জনগণের সুবিধা এবং পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD