Logo

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৮
মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

দুই দিনের সরকারি সফর শেষে নিজ জেলা ঠাকুরগাঁও ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর ১টা ৫০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তিনি।

বিজ্ঞাপন

প্রটোকল অনুযায়ী, রাষ্ট্রপতির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার নির্ধারিত সময় ছিল দুপুর ২টা ১০ মিনিট। তবে নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট আগেই ঠাকুরগাঁও থেকে বিদায় নেন তিনি।

এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই ছিল তাঁর প্রথম সরকারি সফর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলায় পৌঁছানোর পর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নাগরিক সংবর্ধনা আয়োজক কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। পরে জেলা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।

সফরের শুরুতেই শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন তিনি। এরপর কালীবাড়ি এলাকায় নিজের বাসভবনে যান। সেখানে দুপুরের খাবার গ্রহণের পাশাপাশি কিছু সময় বিশ্রাম নেন।

বিজ্ঞাপন

বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। তাকে একনজর দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। বৃষ্টির মধ্যেও অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেন।

গণসংবর্ধনায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় অনুষ্ঠানস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিজ জেলার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সংবর্ধনা শেষে নিজের বাসভবনে ফিরে গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রাতে নিজ বাসভবনেই অবস্থান করেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

সফরের দ্বিতীয় ও শেষ দিন সোমবার সকালে আবারও গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়টি পরিকল্পিতভাবে গড়ে তোলা এবং এর উন্নয়ন কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে ঘিরে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ও আবেগের বিষয়টিও উঠে আসে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দুপুরের দিকে নিজ বাসভবনে ফিরে খাবার গ্রহণ ও বিশ্রাম নেন রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠের হেলিপ্যাডে পৌঁছে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সফরকে ঘিরে ঠাকুরগাঁওয়ে জোরদার করা হয় নিরাপত্তাব্যবস্থা। মোহাম্মদ আলী স্টেডিয়াম, জেলা সার্কিট হাউস, সেনুয়া কবরস্থান, রাষ্ট্রপতির বাসভবন, গণসংবর্ধনার স্থান এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে এসব এলাকায় বাড়ানো হয় নজরদারি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই দিনের সফরকে কেন্দ্র করে পুরো ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রাষ্ট্রপতিকে একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ শহরে আসেন। বিশেষ করে গণসংবর্ধনা ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদ সদস্য, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD