প্রথম নিজ জেলা সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে তার দুই দিনের এই সরকারি সফর। এ সফরকে ঘিরে পুরো জেলায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ঠাকুরগাঁও শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে। পাশাপাশি চালানো হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কার্যক্রম। সড়কের আইল্যান্ড ও বিভিন্ন স্থাপনায় নতুন রঙের প্রলেপ দেওয়ার পাশাপাশি নির্মাণ করা হয়েছে তোরণ। বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে ব্যানার ও ফেস্টুন।
সফরসূচি অনুযায়ী, রবিবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রাষ্ট্রপতির। জেলায় পৌঁছে তিনি সদর উপজেলার সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে বিকেলে জেলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক সমাজ আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনেও তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম নিজ জেলা সফর ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানসহ জেলার বিভিন্ন উন্নয়ন বিষয়ে প্রত্যাশার কথাও জানিয়েছেন স্থানীয়রা।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে দল-মত নির্বিশেষে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি হতে পারে বলেও তিনি জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, পয়েন্ট ও অনুষ্ঠানস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, ৫ সেপ্টেম্বর থেকেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা সফর হওয়ায় ঠাকুরগাঁওজুড়ে এখন তার আগমনকে ঘিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।








