শতভাগ সাক্ষরতা অর্জনে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

দেশে শতভাগ সাক্ষরতা নিশ্চিত করার নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ববি হাজ্জাজ বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধে বিভিন্ন সহায়তা আরও সম্প্রসারণ করা হবে। এর মধ্যে ‘মিড-ডে মিল’, বিনামূল্যে স্কুল ড্রেসসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে ধরে রাখতে প্রয়োজনে নতুন সুবিধা যুক্ত করতেও সরকার প্রস্তুত বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার লক্ষ্য শুধু মানুষকে পড়তে ও লিখতে শেখানোর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। এর সঙ্গে নৈতিক মূল্যবোধ এবং কর্মদক্ষতাভিত্তিক শিক্ষা যুক্ত করতে হবে। বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা জ্ঞান অর্জনের পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করতে পারে।
আলোচনা সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিএসবি) সাম্প্রতিক তথ্য তুলে ধরে জানানো হয়, গত তিন বছর ধরে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশে স্থির রয়েছে। গত পাঁচ বছরে এ হার বেড়েছে মাত্র ২ দশমিক ৩ শতাংশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এই হিসাব অনুযায়ী, দেশের এখনো প্রায় ২২ শতাংশ মানুষ সাক্ষরতার বাইরে রয়েছেন, যাদের সংখ্যা প্রায় চার কোটি। ফলে শতভাগ সাক্ষরতার লক্ষ্য অর্জনে আরও কার্যকর ও বিস্তৃত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশু ও বয়স্কদের পুনরায় শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। প্রাতিষ্ঠানিক ও উপানুষ্ঠানিক—দুই ধারার শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে নিরক্ষরতা দূর করার কার্যক্রম আরও জোরদার করার ওপরও তাঁরা গুরুত্ব দেন।








