Logo

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৫২
প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সরকার। নতুন করে নিয়োগ পাওয়া প্রায় সাড়ে ১৪ হাজার সহকারী শিক্ষকের পদায়ন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রতিমন্ত্রী জানান, প্রায় সাড়ে ১৪ হাজার নতুন সহকারী শিক্ষক নিয়োগের পর তাদের পদায়ন করা হবে। পদায়নের কাজ শেষ হলে আবারও শিক্ষক বদলি কার্যক্রম চালু করা হবে। তবে তখন বর্তমান নীতিমালা অনুযায়ী বদলি হবে, নাকি নতুন কোনো পদ্ধতি অনুসরণ করা হবে, সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। পুনরায় কবে থেকে বদলি কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। বদলি চালু হলে এ নিয়ে যেসব প্রশ্ন রয়েছে, সেগুলোর বিষয়ে তখন বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষকদের বদলি ৮ সেপ্টেম্বর থেকে বন্ধ হওয়ার কথা ছিল জানিয়ে ববি হাজ্জাজ বলেন, সিদ্ধান্তটি আগের দিন নেওয়া হলেও সরকারি আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্র চূড়ান্ত করতে কিছুটা সময় লাগছে। তবে সংবাদ সম্মেলনের পরই বদলি বন্ধের আদেশ চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষকদের ন্যায্যতা থাকা সত্ত্বেও বদলি না হওয়ার অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ন্যায্য বদলি বলতে ঠিক কোন বিষয়কে বোঝানো হবে, সেটি নির্ধারণ করাই কঠিন। কারণ বর্তমান বদলি নীতিমালায় ন্যায্য বদলির বিষয়টি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ন্যায্যতা থাকা সত্ত্বেও কেউ বদলি না হলে বিষয়টি জটিল হয়ে যায়। কারণ ন্যায্য বদলির নির্দিষ্ট সংজ্ঞা এখনো নির্ধারিত হয়নি এবং বর্তমান নীতিমালাতেও এ বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই।

এদিকে প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজও চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। অধিদপ্তর থেকে প্রস্তাব পাওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিমালা তৈরি করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD