শিক্ষকদের ফেসবুক ব্যবহারে আসছে নতুন সার্বজনীন নীতিমালা

শিক্ষকদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সার্বজনীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকারের এই উদ্যোগকে শিক্ষকসমাজ ইতিবাচকভাবেই দেখছে।
বিজ্ঞাপন
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সভাকক্ষে প্রথম স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষকরা নিজেরাই স্বশিক্ষায় শিক্ষিত এবং তারা শিক্ষার্থীদের আচরণ ও নৈতিকতার শিক্ষা দিয়ে থাকেন। তাই তাদের আলাদাভাবে আচরণবিধি শেখানোর প্রয়োজন খুব বেশি নেই। তবে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম অসচেতনভাবে ব্যবহারের কারণে যাতে শিক্ষাব্যবস্থার কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। এ কারণেই একটি নীতিমালা থাকা জরুরি।
তিনি আরও বলেন, শিক্ষকদের এমন কোনো বক্তব্য বা মন্তব্য করা উচিত নয়, যা সমাজে বিভেদ তৈরি করতে পারে কিংবা শিক্ষার্থীদের ক্ষতির কারণ হতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শিক্ষামন্ত্রী বলেন, উন্নত বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও শিক্ষকদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি সার্বজনীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ চলছে। শিক্ষকসমাজও সরকারের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে।
সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা অংশ নেন।








