Logo

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর, ২০২৬, ২২:০৬
ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশের কোথাও পানি জমে আছে কি না, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে ঠেকানো সম্ভব।

পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই শুরু করার পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের নিজেদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও এ বিষয়ে সচেতন করতে হবে। তাদের ছোট ছোট উদ্যোগ একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেন। তারা কোন শ্রেণিতে পড়ছে, পড়াশোনা কেমন চলছে এবং ভবিষ্যতে কী হতে চায়—এসব বিষয়েও তাদের সঙ্গে কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠতে খেলাধুলা করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে এবং নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় প্রাণী ও জীবজন্তুর প্রতিও সহানুভূতিশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি চারপাশের অসহায় ও অবলা প্রাণীদের প্রতিও যত্নশীল হতে হবে। কোনো প্রাণীর সঙ্গে নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। জীবজন্তুর প্রতি মমতা ও দায়িত্ববোধ একটি মানবিক সমাজের পরিচয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।

জাতীয় সংসদের অধিবেশন দেখতে মঙ্গলবার ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী সংসদ ভবনে আসে। তাদের সঙ্গে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষক এবং পরিচালনা কমিটির দুজন সদস্যও ছিলেন।

সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার একপর্যায়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পায়। সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

বিজ্ঞাপন

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও এলাকার মানুষের মধ্যেও তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করে শিক্ষার্থীরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD